আইপিএল স্থগিতের পর দেশে ফিরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। তবে তাদের জন্য ১৪ দিনের এই কোয়ারেন্টাইন পর্ব শিথিল করা যায় কি-না, সেই চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
কারণ পুরো ১৪ দিন কোয়ারেন্টাইন করতে হলে শ্রীলঙ্কা সিরিজে এই দুই ক্রিকেটারকে তেমন প্রস্তুতি ছাড়াই মাঠে নামতে হবে।
সাকিব ও মোস্তাফিজ ফিরেছেন গত বৃহস্পতিবার। তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শেষ হবে ২০ মে। আর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২৩ মে।
তাই বিসিবি এই দুই ক্রিকেটারের কোয়ারেন্টাইন শিথিলে জোর চেষ্টা চালাচ্ছে। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন সাংবাদিকদের বলেছেন, ‘সাকিব ও মোস্তাফিজ ভারত থেকে ফিরে কোয়ারেন্টাইনে রয়েছেন। তাদের দুজনেরই করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। আমরা আশা করছি স্বাস্থ্য অধিদপ্তরকে তাদের কোয়ারেন্টাইন শিথিলের ব্যাপারে বোঝাতে সক্ষম হব। দ্রুতই তারা অনুশীলনে যোগ দেবেন।’
সদ্য শ্রীলঙ্কা সিরিজ থেকে ফেরা ক্রিকেটারদের কোয়ারেন্টাইনে একই মধ্যে শর্ত সাপেক্ষে ছাড় দেওয়া হয়েছে। অনেকে রবিবার মিরপুরে অনুশীলনও করেছেন। ঈদের পর পুরোদমে অনুশীলন শুরু হবে।
আরো পড়ুন
দ্বিতীয় পরীক্ষায়ও নেগেটিভ সাকিব, প্রথম পরীক্ষার ফল পেলেন ফিজ
