নেত্রকোনার সীমান্ত এলাকা থেকে ছয়শত কেজি ভারতীয় চা পাতা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কলমাকান্দা উপজেলার লেংগুরা বিওপি’র (বর্ডার অবজারভেশন পোস্ট) বিজিবির সদস্যরা এই চা পাতা জব্দ করেছেন। তবে জব্দের সময় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি।
বুধবার দুপুর সোয়া ২টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবি’র নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) উপ-অধিনায়ক মেজর নূরুদ্দীন মাকসুদ।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গত মঙ্গলবার (১১ মে) বিকেল পৌনে ৪টার দিকে কলমাকান্দা উপজেলায় লেংগুরা ইউনিয়নের অবস্থিতি লেংগুরা বিওপি’র সুবেদার মো. রুহুল আমিন নেতৃত্বে ৬ সদস্যের একটি বিজিবি দল টহল দায়িত্বে নিয়োজিত ছিল।
এ সময় সীমান্তে ১১৭০নং মেইন পিলারের আনুমানিক দেড়শত গজ বাংলাদেশের অভ্যন্তরে কালাপানি নামক স্থান হতে ৬০০ কেজি ভারতীয় চা পাতা জব্দ করে।
জব্দকৃত চা পাতার আনুমানিক বাজার মূল্য এক লাখ ৮০ হাজার টাকা মতো হবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে কলমাকান্দা থানায় জিডিও করা হয়েছে।
তবে চা পাতা জব্দের সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বিজিবি’র এই কর্মকর্তা।
