‘গোপালীর খেল শুরু’ লিখে কাকে হুমকি দিলেন নোবেল?

আপডেট : ১৭ মে ২০২১, ১২:০২ এএম

ভারতীয় টিভিতে সংগীত প্রতিযোগিতায় অংশ নিয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন মাঈনুল আহসান নোবেল। তারপর তাকে নিয়ে দেশেও শুরু হয় হইচই। তবে নিজের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে নোবেল জড়িয়ে পড়েন নানা বিতর্কে। সর্বশেষ নোবেল ব্যান্ড লিজেন্ড জেমসকে নিয়ে অবমাননাকর স্ট্যাটাস দেন। ঈদের আগের রাতে নিজের ফেসবুক পেজে নগর বাউল জেমস, জনপ্রিয় গীতিকার-সুরকার ইথুন বাবুকে নিয়ে আপত্তিকর স্ট্যাটাস দিয়েছেন নোবেল। এতে নোবেলের উপর ক্ষিপ্ত হয় সংগীত প্রেমীরা। যদিও নোবেল দাবি করেন তার ফেসবুক পেইজটি হ্যাক হয়েছে। তবে সংগীত পরিচালক আহমেদ হ‌ুমায়ূন দেশ রূপান্তরকে বলেন, এসবই নোবেলের ভাওতাবাজি। নোবেল নিজে থেকেই এসব করেছে।  

নোবেলের এমন বিতর্কিত কর্মকাণ্ডের জের ধরে নোবেলের সঙ্গে চুক্তি বাতিল করেছে অডিও প্রযোজনা সংস্থা সাউন্ডটেক। প্রতিষ্ঠানটির কর্ণধার সুলতান মাহমুদ বলেন, ‘নোবেলের প্রতিভা দেখে আমি তাকে নিয়ে বেশ কয়েকটি গান গাওয়ানোর জন্য চুক্তিবদ্ধ করি। কিন্তু তাকে নিয়ন্ত্রণ করা আমার পক্ষে সম্ভব না। তার ব্যবহার ভালো লাগেনি, তাই চুক্তি বাতিল করেছি।’

এদিকে ১৬ মে রাত ১০টার দিকে নোবেল নিজের ভ্যারিফায়েড পেইজে লিখেন, ‘গান বাজনাকে ইতি। মেহেরবান রিলিজ হইলে হইলো, না হইলে নাই। কিন্তু যারা আমার পেছনে লাগতেসে, এগুলারে দেখবো আজকের থেকে। বেয়াদব না? ঠিকাছে। সিনিয়র জুনিয়র, সব। আসো খেলি! গোপালীর খেল শুরু। শালা বি এন পি তাইনা? দেখি কেমনে টিকিস।’

image

তারপরে রাত ১১টার দিকে আরেকটা পোস্টে নিজের জন্ম ও মৃত্যু তারিখ লিখেন।

image

প্রশ্ন উঠেছে, নিজেকে গোপালী দাবি করে নোবেল মূলত কাকে হুমকি দিলেন? এ বিষয়ে জানতে নোবেলের সঙ্গে যোগাযোগ করা হলে দেশ রূপান্তরকে নোবেল বলেন, ‘ফেসবুক স্ট্যাটাসের ব্যাপারে কোনো কথা বলতে পারব না, আমি এখন ব্যস্ত আছি কোনো ইন্টারভিউ-ও দিবো না।’

সাউন্ডটেকের সঙ্গে চুক্তি বাতিল প্রসঙ্গে জানতে চাইলে নোবেল বলেন, ‘সাউন্ডটেক আমাকে বাতিল করেনি, তাদের সঙ্গে চুক্তি শেষ হয়ে গেছে। এখন অন্য কোম্পানির সঙ্গে কাজ করব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত