চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জামাদিসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৬ এর একটি দল।
রোববার রাতে জেলার জীবননগর উপজেলা শহরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১ লাখ ৪৫ হাজার জাল টাকা, টাকা তৈরির একটি প্রিন্টার, সিপিইউ, মনিটর, দুইটা মোবাইল ফোন ও নগদ ৭২০ টাকা।
গ্রেপ্তারকৃতরা হলেন- ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পোড়াপাড়া গ্রামের বজলুর রহমানের ছেলে সাজ্জাদ আলম (২৮) ও খুলনার রুপসা উপজেলার চাদপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে জাকারিয়া মামুন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে ঝিনাইদহের গাংনী ক্যাম্পের একটি দল চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা শহরের মডার্ন স্টুডিও ও স্টেশনারি নামক একটি দোকানে অভিযান চালায়।
এ সময় ওই দোকান থেকে সাজ্জাদ আলম ও জাকারিয়া মামুনকে ১৬০টি ৫০০ টাকার ও ৬৫টি ১০০০ টাকার জাল নোটসহ গ্রেপ্তার করা হয়।
উদ্ধার করা হয় জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত প্রিন্টার, সিপিইউ ও মনিটর। পরে তাদের ঝিনাইদহ র্যাব-৬ এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
সোমবার দুপরে র্যাব-৬ খুলনা সদর দপ্তরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (লিগ্যাল ও মিডিয়া) বজলুর রশিদ জানান, গ্রেপ্তারকৃত দুইজন বাংলাদেশে জাল টাকা তৈরি ও বিতরণ চক্রের সক্রিয় সদস্য।
তাদের গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে ওই চক্রের বেশ কয়েকজনের নাম জানা গেছে। খুব শিগগিরই তাদেরও আইনের আওতায় আনা হবে।
গ্রেপ্তারকৃত দুইজনকে সোমবার বিকেলে জীবননগর থানা পুলিশের কাছে মামলা দিয়ে হস্তান্তর করা হয়।
