লা লিগার শিরোপা মিশনে গুরুত্বপূর্ণ শেষ রাউন্ডের ম্যাচে টনি ক্রুসকে পাচ্ছে না রিয়াল মাদ্রিদ। জার্মান মিডফিল্ডার করোনা পজিটিভ হয়েছেন।
রিয়ালের পক্ষে সোমবার এক বিবৃতিতে ক্রুসের করোনা পরীক্ষা ফল পজিটিভ আসার কথা বলা হয়।
করোনা পজিটিভ একজনের সংস্পর্শে আসায় শুক্রবার থেকে আইসোলেশনে ছিলেন ক্রুস। তাই রবিবার আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচেও রিয়ালের হয়ে মাঠে নামা হয়নি তার।
লা লিগার পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে রিয়াল। শীর্ষে থাকা আতলেতিকোর চেয়ে মাত্র ২ পয়েন্ট পিছিয়ে তারা।
শেষ রাউন্ডে আতলেতিকো খেলবে রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে। আর রিয়াল ঘরের মাঠে খেলবে ভিয়ারিয়ালের বিপক্ষে। আতলেতিকো হারলে বা ড্র করলে, আর রিয়াল নিজেদের ম্যাচে জিতলে শিরোপা পাবে লস ব্লাঙ্কোসরাই। কারণ দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে জিদানের দলই।
চলতি মৌসুমে জিদানের দলের অন্যতম বড় ভরসা ছিলেন ক্রুস। সব প্রতিযোগিতা মিলে খেলেছেন ৪২ ম্যাচ। মিডফিল্ডার হলেও গোল করেছেন তিনটি।
