জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু

আপডেট : ১৮ মে ২০২১, ০৫:৪৯ এএম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বসতঘর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে সিধুলী ইউনিয়নের শ্যামগঞ্জ কালীবাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন জেলার মাদারগঞ্জ উপজেলার হাটবাড়ী গ্রামের ইলিম উদ্দিন (৬০), চরলুটাবর গ্রামের মোস্তাফিজুর রহমান রাজু (৩৫) ও বীরলুটাবর গ্রামের মিন্টু (২৮)।

মারা যাওয়া ইলিম উদ্দিনের নাতি নুরুল ইসলাম জানান, সোমবার সকালে শ্যামগঞ্জ কালীবাড়ি বাজার এলাকায় মোস্তাফিজুর রহমান রাজুর মালিকানাধীন বসতঘর মেরামতের কাজ চলছিল। ঘরের চাল খুলে সরিয়ে নেওয়ার জন্য রাজুকে সহযোগিতা করছিলেন ওই ঘরের ভাড়াটে মিন্টু, সাখাওয়াত ও প্রতিবেশী ইলিম উদ্দিন। এ সময় ঘরের চাল বিদ্যুতের খুঁটির সঞ্চালন লাইনে লাগলে সঙ্গে সঙ্গে চারজন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের মধ্যে রাজু, মিন্টু ও ইলিম উদ্দিনকে গুরুতর অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আহত সাখাওয়াতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

মাদারগঞ্জ থানার ওসি মো. শামসুল হুদা খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত