ঢাকার খিলক্ষেত ফ্লাইওভারে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোর রাত পৌনে ৩টার দিকে খিলক্ষেত ফ্লাইওভারের ওপর পুলিশ চেকপোস্টে এ ঘটনা ঘটে। এ সময় আরও দুজনকে আটক করা হয়েছে।
গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার মশিউর রহমান জানান, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) গুলশান বিভাগ ও খিলক্ষেত থানা-পুলিশের সমন্বিত দল খিলক্ষেত থানা-পুলিশের সঙ্গে টহল দিচ্ছিল। এ সময় কাওলা থেকে বিশ্বরোডের দিকে সিএনজিচালিত একটি অটোরিকশা যাচ্ছিল।
পুলিশ থামার সংকেত দিলে সেটি দ্রুতবেগে ফ্লাইওভারের ওপর দিয়ে পূর্বাচলের দিকে পালিয়ে যাচ্ছিল। ফ্লাইওভারে থাকা পুলিশ সতর্ক সংকেত পেয়ে মাইক্রোবাস দিয়ে ব্যারিকেড তৈরি করে।
একপর্যায়ে অটোরিকশা থেকে দুই দুর্বৃত্ত নেমে পুলিশের মাইক্রোবাস লক্ষ্য করে গুলি ছোড়েন। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়।
এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও গোলাগুলি হয়। পরে অটোরিকশা থেকে দুজনকে জীবিত অবস্থায় গ্রেপ্তার করা হয়। কিছু দূরে ফ্লাইওভারের ওপর দুজনকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজন জানিয়েছেন- তারা মূলত অটোরিকশায় যাত্রী তুলে তাদের সর্বস্ব ছিনিয়ে নেন। নিহত ও গ্রেপ্তার ব্যক্তিরা ছিনতাই, ডাকাতিসহ একাধিক মামলার আসামি।
ঘটনাস্থল থেকে ১টি সিএনজিচালিত অটোরিকশা, ১টি বিদেশি পিস্তল, ২টি গুলিভর্তি ১টি ম্যাগাজিন, ১টি ছুরি, ২টি মলম, ১টি গামছা, ৯টি মুঠোফোন, ১৬টি ইয়াবা বড়ি ও ৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুজনের নাম নয়ন ও ইয়ামিন। তারা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, নিহত দুজনের নাম এনামুল ও রাসেল।
