কুমিল্লার দাউদকান্দিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিল্লাল হোসেন (২৬) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর ওপর এ ঘটনা ঘটে। বিল্লাল শরীয়তপুর জেলার সুখিপুর গ্রামের ইয়াছিন মাহমুদের ছেলে।
পুলিশ জানায়, ভগ্নিপতি ইব্রাহিমকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে শরীয়তপুর থেকে চাঁদপুরের মতলব হয়ে ঢাকা যাচ্ছিলেন বিল্লাল। পথিমধ্যে কুমিল্লার দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর ওপর অজ্ঞাত পরিচয় চার ছিনতাইকারী তাদের গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা বিল্লালের বুকে ও হাতে উপর্যুপরি ছুরিকাঘাত করে ইব্রাহিমের মোবাইল ফোনসহ নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়।
