খুলনায় ভারতফেরত পিটিআই কোয়ারেন্টাইন সেন্টারে পুলিশ সদস্যের ধর্ষণের শিকার তরুণী আত্মহত্যার চেষ্টা করেছেন। গত মঙ্গলবার রাতে আত্মহত্যার চেষ্টা করলে কোয়ারেন্টাইন সেন্টারে থাকা অন্য নারী এবং নারী পুলিশ সদস্যরা তাকে রক্ষা করেন।
খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন জানান, ডাক্তারি পরীক্ষার পর মঙ্গলবার বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি থেকে ওই তরুণীকে খুলনা পিটিআই কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়। ওই তরুণী সেখান থেকে তাকে ছেড়ে দেওয়ার দাবি জানালে ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ না হওয়ায় তাকে ছাড়া হয়নি। এরপর রাত সাড়ে ৮টার দিকে তিনি ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যার চেষ্টা করেন। টের পেয়ে ওই সেন্টারে থাকা অন্য নারী ও নারী পুলিশ সদস্যরা তাকে রক্ষা করেন। ঘটনার পর জেলা প্রশাসন, মহিলাবিষয়ক অধিদপ্তর এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেন্টারটি পরিদর্শনে যান। ওই তরুণীকে তদারকির জন্য নারী পুলিশ নিযুক্ত করা হয়েছে। গতকাল বুধবার ওই তরুণীর ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ হচ্ছে। তার করোনা টেস্ট করে ফল নেগেটিভ হলে তাকে ছেড়ে দেওয়া হবে।
গত ১ মে থেকে এএসআই মোকলেছুর রহমান খুলনা পিটিআই কোয়ারেন্টাইন সেন্টারের দায়িত্বে ছিলেন। ৪ মে ভারত থেকে ফিরে ওই তরুণী সেখানে কোয়ারেন্টাইনে থাকেন। গত ১৩ মে রাতে কর্তব্যরত অবস্থায় এএসআই মোকলেছুর রহমান ওই তরুণীর (২২) কক্ষে প্রবেশ ও তাকে ধর্ষণ করেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর মোকলেছুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়।
