এক বছরেরও বেশি সময় পর উইন্ডিজ জাতীয় দলে ফিরলেন আন্দ্রে রাসেল। ঘরের মাঠে তিন দেশের সঙ্গে ১৫টি টি-টোয়েন্টি ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড। রাসেলের সঙ্গে দলে ফিরেছেন শিমরন হেটমায়ার, শেলডন কটরেল, ওশেন থমাস ও হেইডেন ওয়ালশ জুনিয়র। দক্ষিণ আফ্রিকার সঙ্গে দুই টেস্টের সিরিজের পর ২৬ জুন থেকে পাঁচটি টি-২০ খেলবে উইন্ডিজ। এরপর অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিপক্ষেও খেলবে পাঁচটি করে ১০টি টি-২০।
উইন্ডিজ ক্রিকেটের প্রধান নির্বাচক রজার হারপার এই ২৩ জন থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল বাছাইয়ের ইঙ্গিত দিয়েছেন। দলে অভিজ্ঞ ও তারুণ্যের মিশেল থাকলেও সুনিল নারাইনকে বিবেচনাই করেননি নির্বাচকরা। সেন্ট লুসিয়ায় কোয়ারেন্টাইন ও সিরিজের প্রস্তুতির আগে কোচ ফিল সিমন্স জানান, ‘আমাদের মূল লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে টি-টোয়েন্টি সিরিজগুলো আমাদের প্রক্রিয়া ঠিক করতে সাহায্য করবে। আমরা কিন্তু খুব সংহত একটা দল ঠিক করতে পেরেছি। এখানে অভিজ্ঞরা আছে, ম্যাচউইনার আছে, আবার তরুণরাও আছে। এ দলটা উইন্ডিজের জন্য আরেকটি বিশাল কিছু করতে পারবে।’
উইন্ডিজের হয়ে সবশেষ (২০১৬) টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা দলের কায়রন পোলার্ড, ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো ও লেন্ডল সিমন্স আছেন দলে।
