বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগে আ.লীগ নেতা বহিষ্কার

আপডেট : ২০ মে ২০২১, ১১:৩৩ এএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর, দলীয় নেতাকর্মীদের নামে মিথ্যা মামলাসহ নানা অভিযোগে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের সাধারণ সম্পাদক দুলাল চকদারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার বিকেলে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

রফিকুল ইসলাম বলেন, ‘দলীয় নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের অভিযোগে গত ২৮ এপ্রিল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি লিখিতভাবে দুলাল চকদারকে সংগঠন থেকে বহিষ্কার ও সংগঠনের কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করেন।’

উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইকরাম উদ্দিন তারা মৃধা বলেন, ‘তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ছাড়া বিভিন্ন ধরনের অবৈধ কাজের সঙ্গে জড়িত থাকার কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে’

বহিষ্কৃত নেতা দুলাল চকদার বলেন, ‘আমি কিছু জানি না। আমাকে বহিষ্কারের কোনো কাগজপত্র পাইনি। কারও মুখেও শুনতে পাইনি। দল থেকে আমাকে বহিষ্কার করবে এ রকম কোনো কর্মকাণ্ড করিনি। দলের বাইরে গিয়ে নির্বাচন বা দলের বাইরে অন্য কাউকে নির্বাচনও করে দেইনি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত