নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল হাইকে কুপিয়ে হত্যার হুমকি ও বাড়িঘরে হামলা-ভাঙচুরের প্রতিবাদে হুমকিদাতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয় এলাকাবাসী এবং আওয়ামী লীগ নেতারা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ইছাখালী এলাকায় অবস্থিত কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
বক্তারা বলেন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহেদ আলী ওরফে কাপা জাহেদ বাহিনী এলাকায় একের পর এক অন্যায় ও সন্ত্রাসমূলক কর্মকা- করে আসছে। অন্যায়ের প্রতিবাদ করেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল হাই। এর জেরে জাহেদ বাহিনীর সন্ত্রাসীরা তার বাড়িঘরে হামলা-ভাঙচুর চালিয়েছে। আর এ ঘটনায় রূপগঞ্জ থানায় কোনো ধরনের মামলা বা অভিযোগ করলে আবদুল হাইকে কুপিয়ে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়।
কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সামসুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল আউয়াল, সহসভাপতি আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা আবদুল মতিন, ইউপি সদস্য আবদুল মতিন, মাসুম আহাম্মেদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা মহিউদ্দিন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মিলন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামান বেপারী, আরজু মিয়া, তরুণ লীগের সলিম উল্লাহ সেলিমসহ আরও অনেকে।
এ সময় বিক্ষুব্ধ নেতারা জাহেদ আলীকে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদ থেকে বহিষ্কারের দাবি জানান।
