নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌতুকের টাকা না পেয়ে গরম পানি দিয়ে আন্নি আক্তার (২১) নামে এক গৃহবধূর মুখ ঝলসে দিয়েছে স্বামী মৃদুল মোল্লা। ঘটনার নয় দিন পেরিয়ে গেলেও স্বামী প্রভাবশালী হওয়ায় গৃহবধূর পক্ষে মামলা নেয়নি পুলিশ। মামলা না নেওয়ায় প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন নির্যাতনের শিকার ওই গৃহবধূ।
আন্নি আক্তার জানান, তিন বছর আগে উপজেলা শিমুলিয়া এলাকার মৃদুল মোল্লার সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর তিনি জানতে পারেন স্বামী মাদকাসক্ত। তাদের সংসারে নয় মাসের একটি কন্যাসন্তান রয়েছে। গত ১৩ মে দুপুরে মৃদুল তার বাবার বাড়ি থেকে ২ লাখ টাকা যৌতুক এনে দিতে বলে। এতে অপারগতা জানালে মারধর করতে শুরু করে। একপর্যায়ে রান্নাঘর থেকে গরম পানি এনে আন্নির মুখে ছুড়ে মেরে মুখ ঝলসে দেয়। ঘটনার পরদিন রূপগঞ্জ থানায় বাদী হয়ে মামলা করলেও মামলা নেয়নি পুলিশ।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি তদন্ত ইন্সপেক্টর এইচএম জসীম উদ্দিন বলেন, ঘটনাটি তদন্ত করতে সময় লেগেছে। এ কারণে এতদিন মামলা নেওয়া হয়নি। মামলা এজাহারভুক্ত করা হবে।
