টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নে একটি পুকুর থেকে সহোদর ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলো- টাঙ্গাইল পৌর শহরের পশ্চিম আকুরটাকুর পাড়ার আদম মণ্ডলের মেয়ে আবিদা আক্তার (১২) ও ছেলে রিফাত হোসেন (১০)।
শনিবার দুপুরে ইউনিয়নের বাঘিল বাজারের উত্তর পাশে একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লাভলু মিয়া জানান, নিহত দুই শিশু তাদের বাবার সাথে বাঘিল এলাকায় আত্মীয় বাড়িতে বেড়াতে যায়। দুপুরে ওই বাড়ির পাশের একটি পুকুরে তাদের মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন বলেন, শিশু দুটির লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর শিশু দুটির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।
