বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ শুরুর আগে বড় দুঃসংবাদ শুনতে হলো শ্রীলঙ্কাকে। করোনা হানা দিয়েছে লঙ্কান শিবিরে।
কভিড-১৯ পজিটিভ হয়েছেন সফরে আসা শ্রীলঙ্কার দুই ক্রিকেটার ইসুরু উদানা ও শিরান ফার্নান্ডো। এ ছাড়া করোনা আক্রান্ত হয়েছেন বোলিং কোচ চামিন্দা ভাস।
খবরটি নিশ্চিত করেছে ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ এবং শ্রীলঙ্কার ক্রীড়া সাংবাদিক রেক্স ক্লেমেনটাইন। রবিবার তিনি টুইট করে জানান, চামিন্দা ভাস, ইসুরু উদানা ও শিরান ফার্নান্ডো করোনা আক্রান্ত হয়েছেন। আজ থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচ সিরিজ শঙ্কায়। দ্বিতীয় পিসিআর টেস্টের জন্য অপেক্ষা করছে দল।

বাংলাদেশ-শ্রীলঙ্কার তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ শুরু হওয়ার কথা রবিবার (২৩ মে) দুপুর ১টায়, মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে। তবে লঙ্কান শিবিরে করোনার হানায় তা এখন শঙ্কার মুখে। অবশ্য লঙ্কানদের করোনা আক্রান্ত হওয়ার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
