জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি ও ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুর সংসারে বেজে উঠল বিচ্ছেদের সুর। ২৩ মে নিজের ফেসবুকে বিচ্ছেদের ঘোষণা দেন মাহি নিজেই। মাহির সঙ্গে বিচ্ছেদের বিষয়ে দেশ রূপান্তরের সঙ্গে একান্ত আলাপ করলেন অপু। সাক্ষাৎকার নিয়েছেন সুদীপ্ত সাইদ খান।
মাহির সঙ্গে আপনার বিচ্ছেদের খবর শুনলাম। ঠিক কি কারণে আপনারা এমন সিদ্ধান্ত নিলেন?
এটার কোনো কারণই নেই। মূলত চলতে চলতে মনে হচ্ছিল আমাদের নানা বিষয়ে মিলতেছিল না। আমরা একমত হতে পারছিলাম না-এটাই মূল কারণ। এ জন্যই আমরা সিদ্ধান্ত নিলাম সম্পর্ক খারাপ হওয়ার চেয়ে ভালো বন্ধু হিসেবে থাকাটা ভালো।
৬ মাস আগেই বিচ্ছেদের গুঞ্জন শুনেছিলাম। ঘটনাটা কি এ রকম যে, বিচ্ছেদ ৬ মাস আগেই হয়েছে, আনুষ্ঠানিক ঘোষণা দিলেন এখন….
না, না, ওরকম কিছুই না। আমরা ওই সময় থেকেই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম। কি করব না করব। সিদ্ধান্তে পৌঁছাতে পারছিলাম না। আমরা নানাভাবে চেষ্টা করেছি সম্পর্কটা টিকিয়ে রাখা যায় কিনা, থাকা যায় কিনা- তখন থেকেই বিষয়গুলো নিয়ে এসব ভাবছিলাম।
তার মানে আপনাদের টানাপোড়েনটা ৬ মাস আগে থেকেই?
না, না, টানাপোড়েনের কিছুই নাই। আমরা সম্পর্কটা কি করা যায় সেটাই ভাবছিলাম। ৬ মাস বা ১ বছর কোনো কিছুই না…. এটা আমরা দুজনেই একসঙ্গে ছিলাম, রোজাতেও একসঙ্গে ছিলাম। আপনারা সেসময় আমাদের একসঙ্গের কিছু ছবিও ফেসবুকে দেখেছেন, এখন একসঙ্গে থাকতে পারছি না ওইটাই আর কি। আমরা অনেক চেষ্টা করলাম একসঙ্গে থাকার, কিন্তু পারলাম না। আসলে এই ৬ টা মাস চেষ্টা করে দেখলাম থাকা যায় কিনা, কিন্তু সম্ভব হয় নাই বা পারতেছি না।

তাহলে আইনগতভাবে কবে বিচ্ছেদ হচ্ছে?
আসলে আমরা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আর আইনগতভাবে আমরা আমাদের মতো করে আমরা করব, ওটা নিয়ে আর কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা কিছু করব না। আমরা সসম্মানে সরে যেতে চাচ্ছি।
বিচ্ছেদ নিয়ে আপনাদের দুই পরিবারের মতামত কি?
আমরা যেহেতু দুজনেই বড়…যথেষ্ট বয়স হয়েছে আমাদের। সংসার যেহেতু আমাদের ফলে সিদ্ধান্ত তো আমাদেরকেই নিতে হবে। এখানে পরিবারের তেমন কোনো বক্তব্য নেই। সবাই তো আপসেট। দুই পরিবারই ব্যথিত। কারণ দুই পরিবারের মধ্যেই ভালো সম্পর্ক আছে। আমরাও তো মানুষ।

আগামীকাল ২৪ মে আপনাদের বিয়ের ৫ বছর পূর্ণ হবে । ঠিক একদিন আগেই এমন ঘোষণা এলো। এই ৫ বছরের সংসারে প্রাপ্তি-অপ্রাপ্তি কতটুকু?
অপ্রাপ্তি বলে কিছুই নেই। এই ৫ বছরের সবটুকুই আমার প্রাপ্তি। মাহি, আমার পরিবার, তার পরিবার, আমরা সবাই যথেষ্ট একটা ভালো সময় কাটিয়েছি। পুরো ইন্ডাস্ট্রির কাছেই আমি প্রচুর ভালোবাসা পেয়েছি। আজ সবাই আমাকে ফোন দিচ্ছেন। ইন্ডাস্ট্রির সবাইকে আমি প্রচুর মিস করব। সবার সঙ্গেই একটা পারিবারিক বন্ধন তৈরি হয়েছে, নায়ক, নায়িকা বলেন, কলাকুশলী বা সাংবাদিক বলেন সবার সঙ্গেই একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে। এটা আমার বড় অর্জন। এই ভালোবাসাটা মিস করব।
আজ থেকে আপনি দায়মুক্ত। এই অবস্থায় মাহি সম্পর্কে আপনার নির্মোহ মূল্যায়ন জানতে চাই। মাহি আসলে কেমন?
ও অবশ্যই খুবই খুবই ভালো মানুষ এবং সৎ। তার সৎ সাহস আছে- এটা তার সবচেয়ে বড় গুন। এটা সবার থাকে না। আমরা খারাপ কাজ করলেও কখনো বলতে পারি না কিন্তু মাহি সে জায়গা থেকেও সৎ ছিল।

স্বামী হিসেবে মাহির প্রতি কতটুকু দায়িত্বশীল ছিলেন বলে মনে করেন?
এটা তো আমি বলতে পারব না। সবচেয়ে ভালো হয় এই প্রশ্নটা মাহিকে করলে, তবে স্ত্রী হিসেবে মাহি কতটুকু দায়িত্ববান ছিলেন সেটা আমি বলতে পারব।
তাহলে স্ত্রী হিসেবে মাহি কতটা দায়িত্ববান ছিলেন?
মহি খুবই ভালো। খুবই সৎ এজন মানুষ। স্ত্রী হিসেবে সে খুব দায়িত্ববান ছিল। সবকিছুই ভালো ছিল। কিন্তু মত পার্থক্যের কারণে আমরা আসলে একসঙ্গে থাকতে পারছি না। তবে মাহির সঙ্গে সব সময় আমার ভালো বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক থাকবে। মাহির সঙ্গে ৫/৬ বছরের যে সম্পর্ক সে জায়গা থেকে আমরা দুজনেই পরস্পরের প্রতি সম্মান রাখব।
মত পার্থক্যের কথা বলছেন। ঠিক কি নিয়ে মত পার্থক্য ছিল আপনাদের? সেটা কি ইন্ডাস্ট্রিতে মাহির কাজ নিয়ে?
না। ইন্ডাস্ট্রিতে মাহির কাজ করা নিয়ে কোনো মত পার্থক্য তৈরি হয়নি। আমার মনে হয় গত ৫ বছর ছিল মাহির ক্যারিয়ারের সবচেয়ে বেষ্ট সময়। ইন্ডাস্ট্রি নিয়ে মত পার্থক্য থাকলে মাহি এতো কাজ হয়তো করতে পারতো না।
তাহলে মত পার্থক্যটা ঠিক কোন জায়গায় ছিল?
এমনি। মানে চলাফেরাসহ নানা বিষয়ে অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক কিছুই মিলতেছে না, এরকমটা তো হয় অনেক সময়। তো দেখা গেল যে অনেক সময় অনেক কিছুই আমরা কম্প্রোমাইজ করতে পারছিলাম না। এটা তো খুবই ব্যক্তিগত, এমন কিছু বিষয় ছিল যেগুলোতে অমিল হতো। আমরা নিজেদের ভেতর সম্মান রেখেই এমন সিদ্ধান্তে এসেছি।

বিচ্ছেদ তো হয়ে গেল। মাহির কোন বিষয়গুলো আপনি বেশি মিস করবেন?
কি মিস করব…. (ভেবে), আসলে সবকিছুই মিস করব….এই পাঁচ/ছয় বছরে মাহির সঙ্গে জীবন যাপনের অনেক কিছুই মিস করব। স্পেসিফিকলি কিছু বলার নেই। শুধু কাগজ কলমে আলাদা হয়ে যাওয়া। কিন্তু স্মৃতির সবটুকুই থাকবে । সেগুলো তো কোনোভাবেই আলাদা করা যাবে না। সবকিছুই মনে থাকবে। হয়তো ওর সঙ্গে ভালো সম্পর্কও থাকবে।
কষ্ট হচ্ছে না?
আসলে দুইটা পরিবারই খুব ভালো সম্পর্কে আবদ্ধ ছিল। আমার জন্য এটা খুব কষ্টদায়ক। এই পরিবার থেকে আমি এতো মায়া পাইছি যে বলে বোঝাতে পারব না। প্রত্যেকটা জায়গায় গেছি, খুব সম্মান পেয়েছি। ফিল্ম ইন্ডাস্ট্রির পুরো পরিবারকে নিজের পরিবার মনে হতো। ইন্ডাস্ট্রির সবাইকে নিজ পরিবারের মনে করি।
আপনারা বেশ ভালো জুটি ছিলেন….
কি আর করার! আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন যে যার জায়গায় সবাই ভালো থাকি।
