দীর্ঘদিন বন্ধ থাকার পর সোমবার ভোর থেকে চালু হয়েছে লঞ্চ চলাচল। লঞ্চ চলাচল স্বাভাবিক হওয়ায় বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে যাত্রীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।
এদিকে স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের ভোগান্তি এড়াতে লঞ্চ মালিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি পাঁচ মিনিট পর পর লঞ্চ যাত্রী নিয়ে বাংলাবাজার ঘাট ত্যাগ করছে। প্রতিটি লঞ্চেই ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পারাপার করছে।
সরেজমিনে সোমবার সকালে শিবচরের বাংলাবাজার ঘাটে গিয়ে এই চিত্র দেখা গেছে।
বাংলাবাজার লঞ্চ ঘাট সূত্রে জানা গেছে, গত ৫ এপ্রিল থেকে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বন্ধ ছিল লঞ্চ চলাচল। ৪৯ দিন পর সোমবার ভোর থেকে লঞ্চ চলাচল শুরু করেছে। তবে স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। এদিকে লঞ্চে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে পারাপার করা হচ্ছে। প্রতি পাঁচ মিনিটেই একেকটি লঞ্চ ঘাট ছেড়ে যাচ্ছে। ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নেওয়ায় যাত্রীভাড়া ৫৫ টাকা করে নেয়া হচ্ছে।
শিমুলিয়া-মাঝিকান্দি-বাংলাবাজার লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি লঞ্চে যাত্রী ওঠানো হচ্ছে। দ্রুততার সঙ্গে লঞ্চ ঘাট ছেড়ে যাচ্ছে। যাত্রীদের ভোগান্তি এড়াতে ও স্বাস্থ্যবিধি মেনে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পারাপার করা হচ্ছে।'
বিআইডব্লিউটিএ'র বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন,'ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চ চলাচল শুরু করেছে। সোমবার ভোর ৬টায় বাংলাবাজার ঘাট থেকে লঞ্চ শিমুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার মধ্যদিয়ে লঞ্চ চলাচল শুরু। ঘাটে কঠোর তদারকি করা হচ্ছে।’
