ইয়াসের প্রভাবে সাগর উত্তাল, উপকূলে ঝড়ো হাওয়া

আপডেট : ২৪ মে ২০২১, ১১:৫৭ পিএম

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভারে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। সুন্দরবন সংলগ্ন দুবলার চর এলাকায় সোমবার সন্ধ্যা থেকে প্রচণ্ড ঝড়ো হাওয়া বইছে। তবে বৃষ্টিপাত নেই বলে জানিয়েছেন পূর্ব বন বিভাগের দুবলা জেলে পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায়। 

তিনি সোমবার রাতে জানান, সন্ধ্যার দিকে সাগর প্রচণ্ড উত্তাল হয়ে ওঠার পাশাপাশি প্রচণ্ড ঝড়ো হাওয়া বইছে। তাই সন্ধ্যার পরপরই তিনিসহ টহল ফাঁড়ির ১০ কর্মী দুবলা সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছেন।

তিনি বলেন, দুবলা ও কচিখালীর সাইক্লোন শেল্টার ভালো রয়েছে, বাহিগুলোর অবস্থা ভালো নেই। 

তিনি জানান, এ ছাড়া বনবিভাগের অন্যান্য টহল ফাঁড়ির সদস্যরাও সুন্দরবনের কোস্ট গার্ডের আলোরকোল, কোকিল মনি, সুপতি ও ডুমুরিয়া ক্যাম্পে আশ্রয় নিয়েছে। বনের অভ্যন্তরে এখন বনবিভাগ ও কোস্ট গার্ড ছাড়া কোনো জেলে, বাওয়ালী, মৌয়ালী নেই। কারণ সাগরে ২০ মে থেকে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি রয়েছে এবং ঝড়ের কারণে সবাই নিজ নিজ এলাকার বাড়ি ঘরে ফিরে গেছে। 

এ দিকে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে রাত ৮টা ও ১০ টার দিকে মোংলায় দুই দফায় কয়েক মিনিটের সামান্য বৃষ্টি হলেও তেমন ঝড়ো হাওয়া নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত