খেলার মাঠে মারধরের জের

হবিগঞ্জে সংঘর্ষে নিহত ১

আপডেট : ২৫ মে ২০২১, ০১:০৬ এএম

ফুটবল খেলায় মারধরের জের ধরে দুপক্ষের সংঘর্ষে দেলোয়ার হোসেন (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। গুরুতর আহত ৬ জনকে চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।

গত রবিবার রাত ১০টার দিকে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের কালাবহরপুর গ্রামের বাজারে এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার ওই গ্রামের আবদুস শহীদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শুক্রবার বিকেলে কালাবহরপুর মাঠে  ফুটবল খেলা নিয়ে  দেলোয়ারের ছোট ভাই ইসলাম উদ্দিনের সঙ্গে একই গ্রামের নবেল মিয়ার মারপিটের ঘটনা ঘটে।

এ ঘটনার জেরে গত রবিবার রাত ১০টার দিকে কালা বহরপুর গ্রামের সারং বাজারে দেলোয়ার ও নবেল মিয়ার চাচাতো ভাই অলিউর রহমানের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ১৫ জন আহত হন। তাদের মধ্যে দেলোয়ার মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংঘর্ষে গুরুতর আহত কালাম মিয়া (৫০), আব্দুল হামিদ (৩৯), আব্দুল বাসিত (৪৫), রিপন মিয়া (৩৫), আব্দুল মমিন (৩১), সুমন মিয়াকে (২২) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ সংঘর্ষে একজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত