ডিএনসিসিতে হোল্ডিং করের ১৫ শতাংশ সারচার্জ মওকুফের সুযোগ

আপডেট : ২৫ মে ২০২১, ০৪:০২ পিএম

ঢাকা উত্তর সিটি করপোরেশন-ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, কভিড-১৯ এর প্রাদুর্ভাব বিবেচনায় বকেয়া হোল্ডিং করের ওপর আরোপিত ১৫ শতাংশ সারচার্জ মওকুফ করার সুযোগ দেওয়া হবে।

মঙ্গলবার গুলশানের নগর ভবনে রাজস্ব আদায় সংক্রান্ত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, করোনাভাইরাস তথা কভিড-১৯ এর প্রাদুর্ভাব বিবেচনা করে ঢাকা উত্তর সিটির আওতাধীন এলাকায় সম্মানিত কর দাতাদের হোল্ডিং কর প্রদানের সুবিধার্থে সমুদয় বকেয়া হোল্ডিং করসহ হালসনের অর্থাৎ ২০২০-২১ অর্থবছরের ৪ কিস্তি ৩০ জুনের মধ্যে একত্রে পরিশোধ করলে বকেয়া হোল্ডিং করের ওপর আরোপিত ১৫ শতাংশ সারচার্জ মওকুফ করা হবে।

তিনি ৩০ জুনের মধ্যে সমুদয় বকেয়া হোল্ডিং করসহ হালসনের অর্থাৎ ২০২০-২১ অর্থবছরের ৪ কিস্তি একত্রে পরিশোধ করে বকেয়া হোল্ডিং করের উপর আরোপিত ১৫ শতাংশ সারচার্জ মওকুফের সুযোগ গ্রহণের জন্য করদাতাদের অনুরোধ করেন।

আতিকুল বলেন, হোল্ডিং কর আদায়ের সুবিধার্থে রাজস্ব বিভাগের আঞ্চলিক কার্যালয়সমূহ সরকারি ছুটির দিন (শনিবার) খোলা থাকবে।

মেয়র নগরবাসীর প্রতি সময়মত পৌরকর পরিশোধ করার এবং নিজেদের নগরকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখার আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত