চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাটে সড়ক দুর্ঘটনায় ২ বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা রাত সাড়ে ৯টার দিকে নাজিরহাট পৌরসভার চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের আজম রোডের মাথায় ডাইনজুরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ডলি আক্তার (৪০) ও লায়লা বেগম (৩৫)। তারা সম্পর্কে আপন বোন। নিহত ডলি আকতার নাজিরহাট পৌরসভার ৫নং ওয়ার্ডের এবিসি এলাকার শেখ মুহাম্মদ তালুকদার বাড়ীর নন্না মিয়ার স্ত্রী। নিহত অপরজন নাজিরহাট পৌরসভার কুম্ভারপাড়া এলাকার বড় বাড়ির জনৈক আনোয়ারের স্ত্রী।
এ ঘটনায় নিহত ডলি আকতারের স্বামী নন্না মিয়া (৫০) গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিবিরহাটের দিক থেকে আসা যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা চলন্ত একটি পিকআপভ্যানকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা মালবোঝাই একটি ট্রাকের নিচে ঢুকে পড়ে। এতে অটোরিকশার তিন যাত্রী গুরুতর আহত হন।
পরে উপস্থিত লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডলি আক্তারকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত অপর দুজনকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করলে সেখানে আহত লায়লাও মৃত্যুবরণ করেন।
বিষয়টি নিশ্চিত করে নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ মোকতার হোসেন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করেছি। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। গাড়ি দুটির চালক পলাতক রয়েছে।
