সিনিয়র ক্রিকেটারদের জন্য দরজা বন্ধ হয়নি: লঙ্কান কোচ

আপডেট : ২৭ মে ২০২১, ০৪:২০ পিএম

শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ মিকি আর্থার বৃহস্পতিবার (২৭ মে) জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটারদের জন্য দলের দরজা ‘বন্ধ হয়নি’ এবং তারা ওয়ানডে দলে ফিরতে পারে।

তিন ওয়ানডে সিরিজ খেলতে লঙ্কানরা বাংলাদেশ সফরে এসেছে সিনিয়রদের ছাড়া। দিমুথ করুনারত্নে, অ্যাঞ্জেলো ম্যাথিউস ও লাহিরু থিরিমান্নেদের মতো অভিজ্ঞদের জায়গা হয়নি স্কোয়াডে। তবে বাংলাদেশ সফরে এসে প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে আর্থারের দল। এটি তাদের ব্যাক টু ব্যাক ওয়ানডে সিরিজ হার। এখন তাদের সামনে হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কা।

তবে সিনিয়রদের ছাড়া সফরে আসার প্রসঙ্গে আর্থার বিসিবি একাডেমি প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন, ‘বাদ দেওয়া রূঢ় শব্দ। আমরা তাদের (সিনিয়র) ছাড়া সামনে এগিয়ে যাওয়ার দিকে তাকাচ্ছি। কাউকে বাদ দেওয়া হয়নি। বেধে দেওয়া সময়ে তারা ফিরতে পারে।’  

তিনি আরও বলেন, ‘মিডলে আমাদের অল্প সমস্যা আছে। তবে আমাদের কিছু সিনিয়র খেলোয়াড় আছে। কুশল পেরেরা ও কুশল মেন্ডিস অনেক ম্যাচ খেলেছে। দিকভেলা ও ধনাঞ্জয়া ডি সিলভাও মোটামুটি ম্যাচ খেলেছে। কারও জন্য দরজা বন্ধ করা হয়নি। নিশ্চিতভাবে পারফরম্যান্সের ওপর নির্ভর করে বেধে দেওয়া সময়ের মধ্যে কিছু সিনিয়র খেলোয়াড় ফিরতে পারে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত