ক্রীড়ার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিল্পমন্ত্রী

আপডেট : ৩০ মে ২০২১, ০৩:৪৯ পিএম

শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বলেছেন, সারা দেশে ক্রীড়ার মান উন্নয়নে কাজ করছে আওয়ামী লীগ সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়ার মান উন্নয়ন ও খেলোয়াড় সৃষ্টির জন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যে কারণে আমাদের দেশের খেলোয়াড়রা বিদেশের মাটিতে খেলে সুনাম অর্জন করছে।

রবিবার সকালে নরসিংদীর মনোহরদী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, খেলাধুলা শিশুদের সুপ্ত মেধা বিকাশে সাহায্য করে। শিশুদের শারীরিক শক্তি ও মানসিক চিন্তা-চেতনা, বুদ্ধিমত্তা বিকাশের অন্যতম মাধ্যম হল খেলাধুলা। খেলাধুলাই একমাত্র সুস্থ শরীর গঠন, সুন্দর ব্যক্তিত্ব বিকাশ ও মানসিক বিকাশে কার্যকরী ভূমিকা পালন করে। বঙ্গবন্ধু ছিলেন খেলাপ্রেমী বর্তমান প্রধানমন্ত্রীও খেলাপ্রেমী।

শিল্পমন্ত্রী আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামোসহ খেলাধুলায়ও অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। তারই ধারাবাহিকতায় সারা দেশের ন্যায় বেলাব-মনোহরদীতেও উন্নয়ন করা হচ্ছে।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম কাশেম এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায়. মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন. মনোহরদী উপজেলা সহকারী কমিশনার ভূমি রাজিবুল ইসলাম প্রমুখ।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে শিল্পমন্ত্রীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় মনোহরদী পৌরসভা ১-০ গোলে কৃষ্ণপুর ইউনিয়নকে হারিয়ে জয়লাভ করে। পরে বিজয়ী দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত