ধর্মের দোহাই দিয়ে নারীকে পোলট্রি ফার্ম করতে না দেওয়ায় গ্রেপ্তার

আপডেট : ০১ জুন ২০২১, ০১:১২ পিএম

কোরআন হাদিসের মিথ্যা দোহাই দিয়ে প্রতিবন্ধী নারীকে পোলট্রি ফার্ম করতে না দেয়ার অভিযোগের মামলায় প্রধান আসামি আবু তৈয়বকে (৪৯) গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার জিরি ইউনিয়নের মালিয়ারা এলাকায় তার এক নিকট আত্মীয়ের বাড়ি থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন পটিয়া থানার উপপরিদর্শক বোরহান উদ্দিন মজুমদার।

তিনি বলেন, আসামিকে আজ মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে গত ২৮ মে দেশ রূপান্তরে ওই নারীর প্রতিবন্ধকতা নিয়ে সংবাদ প্রকাশিত হয়।

‘হাদিস-কোরআনে নারীর আয় করার সুযোগ নাই’ এমন মন্তব্য করে প্রতিবন্ধী এক নারীর মুরগির খামার ব্যবসায় বাধা দেওয়ার অভিযোগ চট্টগ্রামের পটিয়ায় উপজেলার নিলু আকতার নামে ওই নারী এ বিষয়ে থানায় মামলা করেন।

প্রতিবেশী আবু তৈয়ব খামার বন্ধ করে নিলুকে ভিক্ষার পরামর্শ দিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করেন।

খামার বন্ধ না করায় নিলুসহ তার পরিবারের সদস্যদের ওপর গত ৩ এপ্রিল হামলা করেন আবু তৈয়ব ও তার অনুসারীরা, এমন অভিযোগে পটিয়া থানায় মামলা করেন নিলু।

জানা যায়, পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড মালিয়ারা গ্রামের আলমের বাড়ির নুর মোহাম্মদের চার মেয়ে। নিলু আকতারের জন্ম থেকে এক হাত নেই। নিলু ৮ম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেন। ১০ বছর আগে নিলুকে তাদের পার্শ্ববতী মালিয়ারা সাত ভাই পাড়ার কামাল উদ্দিনের সঙ্গে বিয়ে দেওয়া হয়। তাদের ঘরে তিন সন্তান। তবে বিয়ের পর থেকে বাবার বাড়িতে থাকেন নিলু। সেখানে মাকে নিয়ে বসবাস করার পাশাপাশি একটি পোলট্রি ফার্ম পরিচালনা করেন। নিলুর বাবা প্রবাসী। স্বামী দিনমজুর।

নিলু আকতার অভিযোগ করে বলেন, আবু তৈয়ব আমার প্রতিবেশী। তারও পোলট্রি ফার্ম রয়েছে। লোকজন আমার কাছ থেকে মুরগি বেশি কেনে। এ জন্য তৈয়বের হিংসা হয়। সেটি তিনি মেনে নিতে পারছেন না। তাই আমাকে বলে, তুমি প্রতিবন্ধী এবং নারী। তোমার ইনকাম করার সুযোগ নাই। হাদিস-কোরআনে নারীর আয় করার সুযোগ নাই। ফতোয়া আছে। তুমি এসব বন্ধ কর। বাড়ির সুনাম নষ্ট হচ্ছে। তুমি প্রতিবন্ধী। ভিক্ষা কর। আমার কাছ থেকে থালা-বাসন নিয়ে যাও।

নিলু আরও বলেন, আমি তার উপদেশ শুনিনি। প্রতিবন্ধী হয়েও এক হাতে কাজ করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করেছি। কিন্তু সেটি মেনে নিতে পারেননি তৈয়ব। সে প্রথমে আমাকে হুমকি-ধমকি দেয়। এরপর আমি তার কথা না শোনাতে পরিকল্পিতভাবে হামলা করে।

এ ঘটনায় গত ১২ এপ্রিল পটিয়া থানায় মামলা দায়ের করেন নিলু।

নিলু আক্তার বলেন, আমি মামলা করায় আবু তৈয়ব পুলিশের সহযোগিতায় আমার বিরুদ্ধে পাল্টা মামলা করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত