জমির বিরোধে ছোট ভাইকে হত্যা পর গাছে ঝোলানোর অভিযোগ

আপডেট : ০২ জুন ২০২১, ১১:০১ এএম

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই পিটিয়ে হত্যার পর মরদেহ গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার দিবাগত মধ্যরাতে জেলার চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ঠাকুরের হাট উত্তর পলাশবাড়ীর মাওলানা পাড়ায় এই ঘটনা ঘটে।

বুধবার সকাল ৯টায় পুলিশ ওই গ্রামের একটি আম গাছ থেকে ইয়াকুব আলীর (৪২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে নিহতের বড় ভাই জাবেদ আলী পলাতক রয়েছেন।

নিহত ইয়াকুব আলী উপজেলার উত্তর পালাশবাড়ী মাওলানা পাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে।

নিহত ইয়াকুব আলীর স্ত্রী আর্জিনা বেগম জানান, তার ভাসুর জাবেদ আলীর সাথে দীর্ঘদিন ধরে তাদের জমি ভাগাভাগি নিয়ে বিরোধ চলে আসছিল। এর আগে জাবেদ আলী ও তার জামাতা মিলে ইয়াকুব আলীকে কয়েকবার পিটিয়ে আহত করেছেন। এ বিষয়ে একটা মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত মধ্যরাতে বাড়িতে ফেরার সময় রাস্তায় জাবেদ আলী ও তার জামাতাসহ আরও কয়েক ইয়াকুব আলীকে আটকে শ্বাসরোধে হত্যা করে। এরপর জাবেদ আলীর বাড়ির সামনে একটি আম গাছের সঙ্গে মরদেহ ঝুলিয়ে রাখে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত সরকার জানান, সকালে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ইয়াকুব আলীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। কারণ নিহতের পা মাটির সঙ্গে লেগে ছিল।

মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, নিহতের বড় ভাই জাবেদ আলী ঘটনার পর থেকে পলাতক রয়েছে। আমরা ইতিমধ্যে তদন্ত শুরু করেছি।

এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত