র‌্যাঙ্কিংয়ে মাহমুদউল্লাহ, মোসাদ্দেক ও তাসকিনের উন্নতি

আপডেট : ০২ জুন ২০২১, ১১:৪৯ পিএম

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে হারলেও র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন ও তাসকিন আহমেদের। শ্রীলঙ্কার পক্ষে ৫ উইকেট নেওয়া দুশমন্ত চামিরা উঠেছেন ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে। সেঞ্চুরিয়ান কুশল পেরেরাও দিয়েছেন বড় লাফ।

গত সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে ৯৭ রানে হারে বাংলাদেশ। তবে প্রথম দুই ম্যাচ জেতায় সিরিজ ২-১ এ নিজেদের করে তামিম ইকবালের দল।

বুধবার প্রকাশিত আইসিসির সাপ্তাহিক হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে বিবেচনায় এসেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের শেষ ওয়ানডে। যেখানে মাহমুদউল্লাহ রিয়াদ দুই ধাপ এগিয়েছেন। ৫৩ রান করা এই ব্যাটার আছেন ৩৬তম স্থানে।

৫১ রান করা মোসাদ্দেক হোসেন সৈকত ১২ ধাপ এগিয়ে আছেন ১১৩ তম স্থানে। শ্রীলঙ্কার অধিনায়ক পেরেরা ১৩ ধাপ এগিয়ে উঠেছেন ৪২তম স্থানে।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়েছেন তাসকিন আহমেদ। ৪৬ রানে ৪ উইকেট নেওয়া পেসার আছেন ৮৮তম স্থানে। দুশমন্ত চামিরা এক লাফে ২৭ ধাপ এগিয়েছেন। লঙ্কান পেসার আছেন এখন ৩৩তম স্থানে।

ব্যাটসম্যানদের তালিকায় আগের মতোই শীর্ষে আছেন বাবর আজম। বোলারদের র‌্যাঙ্কিংয়ে সেরা ট্রেন্ট বোল্ট। বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ আছেন দুইয়ে। আর অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত