নানা অনিয়ম ও নিয়মবহির্ভূত কাজের অভিযোগে জয়পুরহাটের পাঁচবিবি পল্লিবিদ্যুৎ সমিতির পরিচালক রেজাউল করিমকে অপসারণ করা হয়েছে।
বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের নির্দেশে তাকে অপসারণ করা হয়। বৃহস্পতিবারে জয়পুরহাট পল্লি বিদ্যুৎ সমিতির জিএম এনামুল হক প্রামাণিক তার অপসারণের বিষয়টি নিশ্চিত করেছেন।
জয়পুরহাট পল্লিবিদ্যুৎ সমিতির কার্যালয় সূত্রে জানা যায়, পাঁচবিবি পল্লিবিদ্যুৎ সমিতির ৫ নম্বর এলাকা পরিচালক রেজাউল করিম তার নির্বাচনী এলাকায় বেশ কিছু অনিয়ম ও নিয়মবহির্ভূত কাজে বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ গেলে তা আমলে নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পরে পল্লি বিদ্যুতায়ন বোর্ডের সদস্যরা এসে তদন্তে অনিয়ম ও নিয়মবহির্ভূত কাজের অভিযোগের বিষয়ে সত্যতা পেলে তাকে তার পদ থেকে অপসারণ করে।
পাঁচবিবি পল্লিবিদ্যুৎ সমিতির অপসারণকৃত পরিচালক রেজাউল করিম জানান, একজন ড্রাইভার ষড়যন্ত্রমূলকভাবে আমার বিরুদ্ধে এক ব্যক্তিকে দিয়ে অভিযোগ করিয়েছিল। যেহেতু আমি ভোট করি, আমার প্রতিপক্ষরা এসব ষড়যন্ত্র করছে। আমার বিরুদ্ধে অভিযোগ সত্য নয়।
জয়পুরহাট পল্লি বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার এনামুল হক প্রামাণিক জানান, পল্লিবিদ্যুৎ সমিতির পরিচালক রেজাউর করিমের বিরুদ্ধে তার এখতিয়ার বহির্ভূত নানা অনিয়মের সত্যতা পাওয়ায় তাকে বোর্ডের চেয়ারম্যানের নির্দেশে গত মাসের ২৭ তারিখে একটি চিঠি পাঠায়। আমরা গত মাসের ৩০ তারিখে তার অপসারণের চিঠি পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো পরিচালক অপসারণ হলে সে আর নির্বাচন করতে পারে না।
