হল খুলে পরীক্ষা নেওয়ার দাবি ঢাবি শিক্ষার্থীদের

আপডেট : ০৩ জুন ২০২১, ১১:১৪ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে সশরীরে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রয়োজনে ‘সাময়িক আবাসন’ হিসেবে হল খুলে ধাপে ধাপে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে ‘হল-ক্যাম্পাস খুলে দাও’ আন্দোলনের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়। এই দাবি বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ মেনে না নিলে ৬ জুন রাজু ভাস্কর্যে বিক্ষোভ করবেন শিক্ষার্থীরা।

গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত নেওয়া হয় আবাসিক হল না খুলে ১৫ জুন থেকে স্নাতক ও স্নাতকোত্তরের স্থগিত পরীক্ষা এবং ১ জুলাই থেকে অন্যান্য সেমিস্টার ফাইনাল পরীক্ষাগুলো নেওয়া হবে। শিক্ষার্থীদের টিকার আওতায় এনে আবাসিক হলগুলো খোলা হবে বলে জানিয়েছে কর্র্তৃপক্ষ।

সংবাদ সম্মেলনে ভাষা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আসিফ মাহমুদ বলেন, সমাপনী পরীক্ষার্থীদের জন্য ‘টেম্পোরারি একোমোডেশন’ হিসেবে হল খুলে দিয়ে পরীক্ষা নিতে হবে। হলে সিটের সংখ্যা বিবেচনায় এক বা দুটি সেশন একসঙ্গে হলে উঠিয়ে ১ জুলাই থেকে তাদের পরীক্ষা নিতে হবে। সেক্ষেত্রে অবশ্যই যতটুকু সিলেবাস শেষ করা হয়েছে, তার ওপর রিভিউ ক্লাস নিতে হবে এবং সম্পন্নকৃত সিলেবাসের মধ্য থেকেই পরীক্ষার প্রশ্ন নির্ধারণ করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত