আফগানিস্তানের অধিনায়ক হতে অস্বীকৃতি রশিদ খানের

আপডেট : ০৪ জুন ২০২১, ০১:৫৭ পিএম

আফগানিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক হতে অস্বীকৃতি জানিয়েছেন রশিদ খান। তার বিশ্বাস, অধিনায়কের চেয়ে তিনি খেলোয়াড় হিসেবে অত্যধিক গুরুত্বপূর্ণ।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো’কে ২২ বছর বয়সী এই লেগ-স্পিনার বলেন, ‘আমার কাছে আমি খুবই পরিষ্কার যে, খেলোয়াড় হিসেবে আমি আরও ভালো। সহ-অধিনায়কের ভূমিকায় আমি ঠিক আছি এবং যেখানে আমাকে প্রয়োজন সেখানে অধিনায়ককে সাহায্য করতে চাই। এই পজিশনে থাকাটাই আমার জন্য ভালো।’

রশিদ খান বলেন, ‘খেলোয়াড় হিসেবে আমি দলে ভালো করতে চাই। অধিনায়ক হওয়ার চেয়ে আমার পারফরম্যান্স দিয়ে ভিন্ন কিছু ভাবা যায়। যদিও, এর জন্য জন্য সময়ের প্রয়োজন এবং এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশ্বকাপ। যা খুব নিকটে। আমি খুব ভীত যে, অধিনায়কত্ব আমার পারফরম্যান্সকে প্রভাবিত করবে। খেলোয়াড় হিসেবে আমি আনন্দে আছি। বোর্ড ও নির্বাচক কমিটি যে সিদ্ধান্ত নেবে আমি তার পেছনে আছি।’

দুই বছর আগে ২০১৯ বিশ্বকাপের আগে আফগানিস্তান আসগর আফগান থেকে অধিনায়কত্ব কেড়ে নিয়ে টি-টোয়েন্টিতে দায়িত্ব দেয় রশিদ খানকে। গুলবাদিন নাঈবকে করে ওয়ানডে অধিনায়ক ও রহমত শাহকে দেয় টেস্টের দায়িত্ব। কিন্তু বিশ্বকাপে একটি ম্যাচও জেতেনি আফগানিস্তান। নাঈবকে সরিয়ে ওয়ানডের দায়িত্ব দেওয়া হয় রশিদ খানকে।

২০১৯ সালের ডিসেম্বরে, ফের আফগানকে তিন ফরম্যাটের জন্য অধিনায়কত্ব ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু এর ১৫ মাস পর ফের তার কাছ থেকে দায়িত্ব ফিরিয়ে নেয় বোর্ড। ওয়ানডে ও টেস্টের জন্য নতুন অধিনায়ক হিসেবে সিনিয়র মিডল-অর্ডার ব্যাটসম্যান হাসমতউল্লাহ শহীদির নাম ঘোষণা করা হয়। তবে এখনো টি-টোয়েন্টির জন্য অধিনায়ক খুঁজে পায়নি আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাকি আছে মাত্র পাঁচ মাস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত