করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শনিবার থেকে নোয়াখালী সদর পৌরসভা ও উপজেলার ছয়টি ইউনিয়নে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।
শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
লকডাউনের আওতায় থাকছে- নোয়াখালী পৌরসভার সব কয়টি ওয়ার্ড এবং সদর উপজেলার ৩নং নোয়ান্নই, ৪নং কাদির হানিফ, ৫নং বিনোদপুর, ৬নং নোয়াখালী, ১০নং অশ্বদিয়া ও ১১নং নেয়াজপুর ইউনিয়ন।
জেলা সিভিল সার্জন জানান, শুক্রবার বিকেল ৪টায় জেলা করোনা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। লকডাউন ঘোষণা করেন নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।
সিদ্ধান্ত অনুযায়ী ৫ জুন ভোর ৬টা থেকে ১১ জুন রাত ১২টা পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, এ পর্যন্ত উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ১৪০জন।
বর্তমান পরিস্থিতিতে শনাক্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করার কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। নোয়াখালী পৌরসভা ও ছয়টি ইউনিয়নের প্রবেশ পথে লাল পতাকা টানিয়ে দেওয়া হয়েছে।
এছাড়া করোনার বিস্তার রোধে এসব এলাকায় কাউকে প্রবেশ বা বের হতে নিষেধ করে মাইকিং করা হবে বলে জানা গেছে।
