ফেনীর সোনাগাজীতে কৃষক বেলায়েত হোসেন বেলাল হত্যাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
শনিবার বেলা ১১টায় পৌর শহরের জিরো পয়েন্টে এলাকাবাসীর উদ্যোগে এ বিক্ষোভ পালন করা হয়।
চরদরবেশ ইউনিয়ন পরিষদের সদস্য মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে ও সমাজপতি মো. শেখ ফরিদের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত বেলালের বৃদ্ধা মা সাহিদা খাতুন, বোন সালমা আক্তার, ছেলে রাকিবুল হাসান আসিফ, ভাই আমির হোসেন ননা মিয়া, শ্যালক আবু সুফিয়ান মানিক, সমাজপতি মো. নূর করিম ও স্থানীয় মসজিদের ইমাম মাও. আখতার হোসেন প্রমূখ।
মানববন্ধন শেষে খুনীদের সর্বোচ্চ শাস্তি দাবি করে একটি বিক্ষোভ মিছিল নিয়ে সোনাগাজী বাজারের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন তারা। বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধন ও বিক্ষোভে দক্ষিণ চরদরবেশ গ্রামের প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বিএনপি নেতা গিয়াস উদ্দিনের সরাসরি মদদে কৃষক বেলালকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করা হয়। বাড়ির চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে গিয়াস উদ্দিন উপস্থিত থেকে নিহত বেলাল ও তার ভাইকে পিটিয়ে জখম করে।
তবে বিএনপি নেতা গিয়াস উদ্দিন তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে ঘটনার সঙ্গে তার যোগসুত্র নেই বলে জানান ।
সোমবার (৩১ মে) সোনাগাজী উপজেলার দক্ষিণ চরদরবেশ গ্রামে ভূমি বিরোধের জেরে কৃষক বেলালকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। হত্যায় অংশ নেয়া সাতজনকে পুলিশ গ্রেপ্তার করে। ওইদিন নিহতের ভাই ননা মিয়া ধৃত আসামিসহ ১০ জনের নাম উল্লেখ করে মডেল থানায় মামলা দায়ের করেন।
