কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, সম্ভাবনাকে কাজে লাগিয়েও দেশে মাশরুম চাষাবাদ জনপ্রিয় করতে পারিনি। তবে মাশরুমের সম্ভাবনাকে কাজে লাগাতে প্রকল্প গ্রহণসহ দেশে ও আন্তর্জাতিক বাজারে তুলে ধরতে সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
গতকাল রবিবার সাভারে মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটে মাশরুম চাষি ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি।
কৃষিমন্ত্রী বলেন, মাশরুম ইনস্টিটিউটের মাধ্যমে মাশরুম উৎপাদন, গবেষণা, উন্নয়ন ও চাষি পর্যায়ে পৌঁছে দিতে এবং লাভজনক ফসল হিসেবে বাজারজাত করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলাদেশে ব্যাপকভাবে মাশরুম চাষ সম্ভব, যা দিয়ে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, সারা পৃথিবীতেই মাশরুমের চাহিদা অনেক বেশি। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ধানসহ অন্যান্য শস্য চাষাবাদের পাশাপাশি মাশরুম চাষাবাদ করতে কৃষকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।
