নাশকতা ও গাড়ি পোড়ানোর দুই মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিনের আদেশ আপিল বেঞ্চে স্থগিত হয়েছে। আদেশটি স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর গতকাল রবিবার শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত ভার্চুয়াল আপিল বেঞ্চ এ স্থগিতাদেশ দেয়। ২০ জুন পর্যন্ত এটি স্থগিত করে এ সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতির আবেদন) করতে বলেছে আপিল বিভাগ।
আসলাম চৌধুরীর পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ^জিত দেবনাথ ও ড. মো. বশির উল্লাহ। দুই মামলায় গত ৩০ মে আসলাম চৌধুরীকে জামিন দিয়েছিল হাইকোর্ট।
