ইউরো প্রস্তুতিটা ভালোই সারল সুইডেন। শনিবার প্রীতি ম্যাচে ৩-১ গোলে আর্মেনিয়াকে হারিয়েছে তারা। ম্যাচে দারুণ খেলেছেন এমিল ফোরসবার্গ। একটি গোল করেছেন এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন একটি। এদিকে কার্ডিফে গ্যারেথ বেলের ওয়েলসের প্রস্তুতি ভালো হয়নি। আলবেনিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা।
ইউরো শুরুর আগে প্রস্তুতির জন্য দুটি প্রীতি ম্যাচ খেলেছে ওয়েলস। গেল বুধবার ফ্রান্সের কাছে ০-৩ গোলে হেরে যায় তারা। শনিবার ফিফা র্যাংকিংয়ে ১৭ নম্বরে ওয়েলস খেলে ৬৬ নম্বরের আলবেনিয়ার সঙ্গে। এমন দলের সঙ্গে গোলশূন্য ড্র করাটা ওয়েলসের জন্য ইউরোর আগে সতর্ক বার্তাই বলতে হবে। মাঠে উপস্থিত সাড়ে ৬ হাজার সমর্থকের মন ভরাতে পারেনি ওয়েলস। গোলপোস্টে আটটি শট নিলেও লক্ষ্য বরাবর ছিল মাত্র দুটি। তবে তাদের রক্ষণভাগ ছিল দুর্দান্ত। আলবেনিয়াকে কোনো সুযোগই দেয়নি।
অন্যদিকে ফ্রেন্ডস অ্যারেনাতে স্বাগতিক সুইডেনকে ১৬ মিনিটে এগিয়ে দেন এমিল ফোরসবার্গ। ৩৪ মিনিটে মার্কস ড্যানিলসন গোল করেন এমিলের পাস থেকে। তিন মিনিট পর পেনাল্টি মিস করেন সেবাস্টিয়ান লারসন। ৬৪ মিনিটে এক গোল শোধ দেয় আর্মেনিয়া। ৮৫ মিনিটে মার্কস বের্গ গোল করলে জয় নিশ্চিত হয় সুইডিশদের।
