সোনারগাঁ পৌরসভার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ তিন দিন

আপডেট : ০৮ জুন ২০২১, ১২:২০ এএম

পূর্বঘোষণা ছাড়াই তিন দিন যাবৎ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।

গত শনিবার দুপুরে হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয় সোনারগাঁ পৌর এলাকার একাংশের গ্যাসসংযোগ। উপজেলার পৌর এলাকার দৈলেরবাগের সাবস্টেশন থেকে ওই সব এলাকার গ্যাসসংযোগ বন্ধ করে দিয়েছে তিতাস।

কোনো ধরনের পূর্ব নোটিস ছাড়াই হঠাৎ করে গ্যাসসংযোগ বন্ধ করায় বিপাকে পড়েছেন এলাকার প্রায় এক হাজার গ্রাহক। পৌর এলাকার হাতকোপা, অনন্তমুছা, পৌর ভবনাথপুর, দৈলেরবাগ, দত্তপাড়া, কৃষ্ণপুরা, উদ্ধবগঞ্জ, ভবনাথপুর, বাড়ীশ্রীরামপুর, ঋষিপাড়া,  গোবিন্দপুর, লাহাপাড়া, পানাম, মুন্সিরাইল, সাহাপুর ও পাটলপাড়া এলাকায় তিন দিন ধরে গ্যাস সরবরাহ না থাকায় চরম ভোগান্তি পোহাচ্ছেন বাসিন্দারা।

অনেকেই ইট দিয়ে অস্থায়ী চুলা তৈরি করে রান্নাবান্নার কাজ সারছেন। অনেকে বাজার থেকে খাবার কিনে আনছেন।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সোনারগাঁ আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী মেজবাহউর রহমান জানান, আবাসিক গ্রাহকদের বকেয়া বিল পরিশোধ না করা এবং অবৈধ সংযোগ নেওয়ার কারণে জ¦ালানি মন্ত্রণালয়ের নির্দেশে গ্যাসসংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।

এতে বৈধ গ্রাহকদের ভোগান্তিতে পড়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অবৈধ সংযোগকারীদের জন্যই বৈধ গ্রাহকদের এ কষ্ট পোহাতে হচ্ছে। আমাদের কিছুই করার নেই। আর কবে নাগাদ এই সংযোগ চালু হবে তা তিনি জানেন না। তিনি আরও বলেন, পর্যায়ক্রমে সোনারগাঁয়ের অন্যান্য এলাকার সংযোগও বন্ধ করা হবে।

তিতাস সোনারগাঁয়ে গ্যাসসংযোগ বন্ধ করে দেওয়ায় সোনারগাঁ থানা কোয়ার্টার, সোনারগাঁ উপজেলা পরিষদ কোয়ার্টার, সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারসহ বিভিন্ন সরকারি দপ্তরের আবাসিক কোয়ার্টারে বর্তমানে গ্যাস সরবরাহ বন্ধ আছে। এতে সাধারণ গ্রাহকদের পাশাপাশি সরকারি কর্মকর্তা ও কর্মচারীরাও দুর্ভোগে পড়েছেন।

গোবিন্দপুর এলাকার বৈধ গ্রাহক সুবল চন্দ্র বলেন, ‘আমি একজন বৈধ গ্রাহক। নিয়মিত বিল পরিশোধ করছি। অবৈধ সংযোগকারীদের জন্য আমরা কেন কষ্ট ভোগ করব। কর্তৃপক্ষ অবৈধ সংযোগ চিহ্নিত করে বন্ধ করলেই তো সমস্যার সমাধান হয়ে যায়।

এ ব্যাপারে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম বলেন, তিতাসের সঙ্গে যোগাযোগ করে জেনেছি এটা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী করা হয়েছে। তবে মন্ত্রণালয় দ্রুতই একটি সমাধানে যাবে বলে আশ্বাস দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত