মাদারীপুরে শহরের কুলপদ্বী চৌরাস্তা এলাকায় গত সোমবার রাত ১০টার দিকে সজিব খান (২৮) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সজিব কুলপদ্বী বকুলতলা এলাকার বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাতে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে কুলপদ্বী চৌরাস্তা এলাকায় মোটরসাইকেল থামিয়ে একটি দোকান থেকে কেনাকাটা করছিলেন সজিব খান। এ সময় হঠাৎ করে ১০-১৫ দুর্বৃত্ত এসে দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। সজিবের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ফরিদপুরের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল মঙ্গলবার ভোরে সজিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ওহিদুল আলম নামে একজনকে আটক করে গতকাল আদালতে পাঠানো হয়।
