অলিম্পিয়ান আর্চারকে হারিয়ে বিকেএসপির কিশোরের চমক

আপডেট : ১০ জুন ২০২১, ১১:০৪ পিএম

দক্ষিণ কোরিয়ায় চলমান এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং আর্চারি টুর্নামেন্টে (স্টেজ- ১) চমক দেখিয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) প্রদীপ্ত চাকমা। অষ্টম শ্রেণি পড়ুয়া রাঙামাটির এই কিশোর হারিয়ে দিয়েছেন মালয়েশিয়ার খায়রুল আনোয়ারকে। যিনি টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছেন।

রিকার্ভ পুরুষ একক ইভেন্টের প্রি-কোয়ার্টার ফাইনালে প্রদীপ্ত ৬-৪ সেট পয়েন্টের ব্যবধানে খায়রুল আনোয়ারকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হন।

দুই বছর আগে নেদারল্যান্ডসে আর্চারি বিশ্বকাপে এই খায়রুলের কাছেই সেমিফাইনালে হেরেছিলেন রোমান সানা। খায়রুল রুপা জেতেন, রোমান জিতেছিলেন ব্রোঞ্জ। সেই ব্রোঞ্জই রোমানকে এনে দেয় টোকিও অলিম্পিকের টিকিট।

তবে প্রদীপ্তকে থেমে যেতে হয় কোয়ার্টার ফাইনালে। সেমির লড়াইয়ে তিনি ২-৬ সেট পয়েন্টে হেরে যায় জাপানের প্রতিযোগী ফুরুকাওয়া টাকাহারুর কাছে।

রিকার্ভ মিশ্র দলগতের সেমিফাইনালে রজনী আক্তারকে নিয়ে খেলেছেন প্রদীপ্ত। জাপানের জুটির কাছে তারা হেরেছেন ০-৬ সেট পয়েন্টে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত