দিনাজপুরের বীরগঞ্জে কোল্ড স্টোরেজে ন্যায্য ভাড়ার দাবিতে মানববন্ধন করেছেন আলুচাষি ও ব্যবসায়ীরা। গতকাল বৃহস্পতিবার সকালে বীরগঞ্জ পৌর শহরের বিজয় চত্বরে ‘আলু চাষি ও আলু ব্যবসায়ী কল্যাণ সমিতির’ ব্যানারে এ মানববন্ধন হয়। এতে প্রায় পাঁচ শতাধিক আলুচাষি ও ব্যবসায়ী অংশ নেন। এ সময় তারা বলেন, কোল্ড স্টোরেজে বস্তাপ্রতি ভাড়া বাড়িয়ে ৩০০ টাকা করা হয়েছে। দেশের কোথাও বর্তমানে এ ভাড়া নেই। ভাড়া কমিয়ে আগের মতো ১৫০ থেকে ২০০ টাকা করার জোর দাবি জানান তারা। ২৪ ঘণ্টার মধ্যে এ দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। সমিতির সভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সমিতির দিনাজপুর জেলা সভাপতি লিয়াকত আলী, ঠাকুরগাঁও জেলা সভাপতি মো. রমজান আলী, বীরগঞ্জ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দীপংকর রাহা প্রমুখ।
×
