নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার পতনের আন্দোলন শুরুর আগে অতি দ্রুত দলের মধ্যকার বিভেদ-গ্রুপিং দূর করতে হবে।
দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শনিবার গাজীপুর জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই- আওয়ামী লীগ কী করছে করুক। জনগণের কাছে তাদের অন্যায় টিকে থাকতে পারবে না, তারা ভেসে যাবে। জনগণের উত্তাল আন্দোলনের মধ্য দিয়ে তারা (আওয়ামী লীগ) ভেসে যাবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠা হবে।’
‘তাই আসুন অতি দ্রুত আগামীতে আমরা নিজেদের পুরোপুরি সংগঠিত করে ফেলি। নিজেদের ভুল বোঝাবুঝি, বিভেদগুলো দূর করি এবং একত্রিত হই। এরপর জনগণকে একত্রিত করে আমরা এই যে দানব সরকার আমাদের বুকে ওপর চেপে বসেছে তাকে সরিয়ে সত্যিকার অর্থেই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আদায় করি। নির্বাচনের মাধ্যমে সত্যিকারের জনগণের সরকার প্রতিষ্ঠা করি’ যোগ করেন তিনি।
গাজীপুরের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা জিয়াউর রহমানের দল করি, বেগম খালেদা জিয়ার দল করি। যখন সংগঠন নিজেরা তৈরি করতে যাই, তখন গ্রুপিং-গ্রুপিং। আমার লোক কে, আমার লোক কে- এটা খুঁজি। এটা খোঁজা যাবে না। আপনাকে জিয়াউর রহমানের লোক খুঁজতে হবে, বেগম খালেদা জিয়ার লোক খুঁজতে হবে।’
স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘দলের মধ্যে নেতার সংখ্যা যে হারে বৃদ্ধি পেয়েছে সেভাবে কর্মীর সংখ্যা বৃদ্ধি পায়নি। সেজন্য আজকে সবাইকে কর্মীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে। নেতা সামনে আছেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান। আর বাকিরা আমরা কর্মী- এই কথা যদি ভাবতে পারি তাহলে খালেদা জিয়া মুক্তি পাবেন, তারেক রহমান দেশে ফেরত আসবেন এবং জাতির নেতৃত্বও দেবেন।’
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনের সভাপতিত্বে ও সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের পরিচালনায় ভার্চুয়াল সভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমান উল্লাহ আমান, বিএনপি নেতা আবদুস সালাম আজাদ, সালাহ উদ্দিন সরকার, কাজী ছাইয়েদুল আলম বাবুল, সোহরাব উদ্দিন, মজিবুর রহমান, হুমায়ুন কবির খান, মীর হালিমুজ্জামান ননি, খন্দকার আজিজুর রহমান পেয়ারা, হুমায়ুন কবীর মাস্টার, শওকত হোসেন সরকার, মাহবুব আলম শুক্কুর, ফিরোজ আহমেদ, শ্রীপুরের শাহজাহান ফকির, কাপাসিয়ার খলিলুর রহমান প্রমুখ।
