টাঙ্গাইলে পৃথক ঘটনায় কোরআনে হাফেজসহ দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ও ভূঞাপুর উপজেলার রাজাপুর গ্রাম থেকে তাদের মরদেহ দুটি উদ্ধার করা হয়।
মরদেহ উদ্ধারের বিষয়টি ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল ওহাব ও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন নিশ্চিত করেছেন।
কোরআনে হাফেজ মো. সজিব (৩৮) ভূঞাপুর উপজেলার ধুবলিয়া গ্রামের শামসুল হকের ছেলে। তিনি গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন।
টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা এলাকা থেকে উদ্ধারকৃত অপরজনের পরিচয় জানা যায়নি।
ঘারিন্দা ইউনিয়নের ইউপি সদস্য বাদশা মিয়া বলেন, বিকেলে কয়েকজন কৃষক ক্ষেতে গরু-ছাগল চরাতে গিয়ে পচা দুর্গন্ধ পায়। পরে তারা মেশিন ঘরে উঁকি দিয়ে দেখতে পায় একটি মরদেহ পড়ে আছে। এ সময় মেশিন ঘরের দরজা বন্ধ ছিল। পরে বিষয়টি সদর থানা পুলিশকে অবগত করা হয়।
সদর থানার এসআই মনির হোসেন বলেন, মরদেহটি পচে পোকা ধরেছে। ধারণা করা হচ্ছে- ৫/৬ দিন আগে হত্যা করে মরদেহটি ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
তিনি বলেন, মৃত ব্যক্তির বয়স ৩০ থেকে ৩৫ বছর হবে বলে ধারণা করা হচ্ছে।
ভূঞাপুর থানার ওসি আবদুল ওহাব বলেন, লাশতে পোকা ধরছে। ধারণা করা হচ্ছে- দুর্বৃত্তরা ৩/৪ দিন আগে মরদেহটি গুম করার জন্য তিল ক্ষেতে ফেলে রেখে যায়।
