ময়মনসিংহে নারী পাচারকারী চক্রের দুই সদস্যকে গত শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে র্যাব। ময়মনসিংহ ও গাজীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলো ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বালিহাটা কান্দাবাড়ি গ্রামের ইউসুফ মিয়া (২৬) ও নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী গ্রামের রাব্বিল শেখ (২৮)।
র্যাব-১৪ এর অধিনায়ক আবু নাঈম মো. তালাত বলেন, সম্প্রতি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার একটি গ্রামের দুই বোনকে ভারতে পাচার করে এই চক্র। পাচার হওয়া দুই বোনের একজনকে প্রেমের ফাঁদে ফেলে ইউসুফ প্রথমে বিয়ে করে। পরে মোটা অঙ্কের লোভ দেখিয়ে তাদের ভারতে পাচার করে। এ কাজে তাকে সহযোগিতা করে রাব্বিল শেখ।
গত ৫ জুন ওই দুই তরুণীর বাবা গাজীপুরের শ্রীপুর থানায় মামলা করলে র্যাব গত শুক্রবার রাতে ইউসুফকে তার বাড়ি থেকে ও রাব্বিল শেখকে শ্রীপুর থেকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে দুই লাখ ২৪ হাজার টাকাসহ স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
