পটুয়াখালীর দুমকিতে দুই ইউপি মেম্বার প্রার্থীর সমর্থকের মধ্যে সহিংসতায় উভয় পক্ষের অন্তত তিনজন আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাংগাশিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আলগি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, পাংগাশিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বর ও চলতি নির্বাচনের মেম্বর প্রার্থী গোলাম সরোয়ারের এক সমর্থককে সাবেক মেম্বর সুলতান তালুকদার হুমকি-ধমকি দেন। খবর পেয়ে গোলাম সরোয়ার ৭-৮ জন কর্মী-সমর্থক নিয়ে সুলতান তালুকদারের বাড়িতে জিজ্ঞেস করতে গেলে দুই পক্ষের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এতে আলগি গ্রামের সুমন তালুকদার (২৪), সাইফুল সিকদার (২০), হুমায়ুন সিকদার (৪০) আহত হন। আহতদের উদ্ধার করে স্বজনরা দ্রুত দুমকি উপজেলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উভয় পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
