পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টার ‘ওয়াহেদ ম্যানশন’ বসবাসের জন্য খুলে দেওয়ায় প্রতিবাদ জানিয়েছে চুড়িহাট্টা অগ্নিকান্ডে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবার সংস্থা। গতকাল শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করে তারা।
মানববন্ধনে চুড়িহাট্টা অগ্নিকান্ডে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবার সংস্থার সভাপতি নাছির উদ্দিন বলেন, ‘২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি চুড়িহাট্টার অগ্নিকা-ে প্রথম সূত্রপাতে হাজী ওয়াহেদ ম্যানশনে ৭০ জন মানুষ মারা যায়। অগ্নিকান্ডের পর সরকারিভাবে ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। কিন্তু এখনো ওই মামলার প্রধান আসামি (রাসায়নিক গুদাম মালিক) গ্রেপ্তার হয়নি। এই অজুহাতে আদালতে অভিযোগপত্র দেয়নি পুলিশ। চুড়িহাট্টার ভয়াবহ অগ্নিকান্ডের বিষয়ে মামলাটি হাইকোর্টে বিচারাধীন থাকার মধ্যে ওয়াহেদ ম্যানশনকে ব্যবহারের উপযোগী এবং বসবাস করার অনুমতি দিয়ে খুলে দেওয়া হয়েছে। মামলা নিষ্পত্তি হওয়ার আগেই দেওয়া সিদ্ধান্তটি প্রত্যাহারের দাবি জানাই। সেই সঙ্গে ওই অগ্নিকা-ে নিহত এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে।’
তিনি আরও বলেন, ‘পুরান ঢাকায় কিছুদিন পরপরই রাসায়নিক গুদাম থেকে অগ্নিকান্ড হয়। এই আতঙ্কে এই ঢাকার মানুষের রাতে ঘুম আসে না। সব শেষে আরমানীটোলার মুসা ম্যানশন নামের এক আবাসিক ভবনে অগ্নিকান্ডে কয়েকজন মারা গেছেন। পুলিশ দায়ীদের গ্রেপ্তার করলেও তারা এখন জামিনে আছেন।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আরও ছিলেন চুড়িহাট্টা অগ্নিকান্ডে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবার সংস্থার সদস্যরা।
