ডেনমার্ক ও ফিনল্যান্ডের মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হলেও পরে আবার তা শুরুর সিদ্ধান্ত হয়। যে ম্যাচে শেষ পর্যন্ত হেরে গেল ক্রিশ্চিয়ান এরিকসেনের ডেনমার্ক।
শনিবার কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ১-০ গোলে জিতে নেয় ফিনল্যান্ড। একমাত্র গোলটি করেন জোয়েল পোহজানপালো।
বড় কোনো টুর্নামেন্টে যা দলটির প্রথম জয়। সেই হিসেবে ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে তাদের জন্য। কিন্তু পুরো বিশ্বের ফুটবল অনুরাগীরা আসলে ম্যাচটা মনে রাখবেন এরিকসেনের জন্যই।
ইউরো কাপের ‘বি’ গ্রুপের ম্যাচটির প্রথমার্ধের শেষ দিকে হুট করেই মাঠে অচেতন হয়ে পড়েন ডেনমার্কের ক্রিশ্চিয়ান এরিকসন। এ ঘটনায় মাঠে ও গ্যালারিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতালে নেওয়া হয় এরিকসেনকে। পরে ম্যাচ বাতিলের ঘোষণা দেয় ইউরোপের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।
তবে কিছুক্ষণ পরই হাসপাতালে একিসেনের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়। সেই সঙ্গে পুনরায় ম্যাচ শুরুর কথাও জানায় উয়েফা। টুইট বার্তায় উয়েফা জানায়, দুই দলের খেলোয়াড়দের অনুরোধেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ম্যাচে আধিপত্য ধরে রেখে খেলেছে ডেনমার্কই। ৭০ শতাংশ বল দখলে ছিল তাদের। কিন্তু ফিনিশিং ভালো হয়নি। এমনকি ৭৪ মিনিটে একটা পেনাল্টিও মিস করে তারা। স্পট কিক থেকে পিয়ের-এমিল হইবিয়ার গোল করতে পারলে ম্যাচে আসত সমতা।
শেষ পর্যন্ত আর জালের দেখাই পায়নি ডেনমার্ক। তাই প্রথমবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলতে আসা ফিনল্যান্ড জয় নিয়ে মাঠ ছাড়ে। ২০০০ সালের পর এই প্রথম ডেনমার্ককে হারাল দলটি।
আরো পড়ুন
