ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চাদপুর থেকে ডাকাতি হওয়া পাটভর্তি ট্রাক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৭ জনকে।
শনিবার বিকেল থেকে রবিবার সকাল পর্যন্ত খুলনার ফুলতলা, যশোরের চুরামনকাটি ও ঝিনাইদহ সদরের কলমনখালী এলাকায় অভিযান চালিয়ে লুণ্ঠিত মালামাল ও আসামিদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার লৌহজং গ্রামের রজব আলী জোয়ার্দ্দারের ছেলে সাইফুল ইসলাম (৫০), শহরের পাগলা কানাই এলাকার কালু মিয়ার ছেলে পিন্টু মিয়া (২৮), স্বপন রায়’র ছেলে সুজন রায় (৩৮), কলামনখালী গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে ইমরান খান সাগর (২৫), হাটগোপালপুর গ্রামের মতিয়ার জোয়ার্দ্দারের ছেলে মনিরুল জোয়ার্দ্দার (৪২), পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা গ্রামের আবু বক্করের ছেলে আব্দুস সালাম (৩০) ও পাবনা সদর উপজেলার মনোহরপুর গ্রামের কাউছার প্রামানিকের ছেলে নাহিদ হাসান (২৮)।
শৈলকুপা থানার ওসি (তদন্ত) মহসীন হোসেন জানান, গত বুধবার রাতে পাবনা থেকে যশোরগামী আকিজ জুট মিলের একটি পাটবোঝাই ট্রাক শৈলকুপা উপজেলার চাদপুর থেকে লুট করে নিয়ে যায় ডাকাত দল।
এ ঘটনায় আকিজ জুট মিল কর্তৃপক্ষ শুক্রবার শৈলকুপা থানায় মামলা দায়ের করে। মামলা দায়েরর পর খুলনা ফুলতলা ও ঝিনাইদহ সদরের কলমনখালী এলাকা থেকে লুণ্ঠিত পাট ও যশোরের চুরামনকাটি এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় এর সঙ্গে জড়িত ৭ জনকে।
