কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের অবরোধে ৮ ইউনিয়ন অচল

আপডেট : ১৩ জুন ২০২১, ০৬:১৯ পিএম

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের ওপর হামলার প্রতিবাদে ডাকা দ্বিতীয় দিনের অবরোধ চলছে।

বসুরহাজট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও তার অনুসারীদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধে উপজেলার আট ইউনিয়ন কার্যত অচল। আতঙ্কে উপজেলার বিভিন্ন বাজারে অনেক দোকানপাট বন্ধ রয়েছে। 

রোববার অবরোধের দ্বিতীয় দিনে সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে পিকেটিং ও সড়ক অবরোধের খবর পাওয়া যায়।

উপজেলার বসুরহাট-চাপরাশিরহাট সড়ক, বাংলাবাজার-চাপরাশিরহাট সড়ক, চরএলাহী সড়ক, বসুরহাট-চরপার্বতীসহ বিভিন্ন সড়কে অবরোধকারীদের গাছের গুড়ি ফেলে, টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ মিছিল করতে দেখা যায়। ফলে আট ইউনিয়নের অভ্যন্তরীণ সড়ক থেকে উপজেলার প্রধান শহর বসুরহাটের সঙ্গে সব যান চলাচল বন্ধ রয়েছে।

তবে বসুরহাট পৌরসভা এলাকায় ভারী যানবাহন চলাচল বন্ধ থাকলেও অবরোধের তেমন প্রভাব পড়েনি।

উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ, গোয়েন্দা পুলিশ ও র‌্যাব অবস্থান নিয়েছে। র‌্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের সড়কে ফেলে রাখা গাছের গুঁড়িসহ প্রতিবন্ধকতা তুলে নিতে দেখা যায়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার দেশ রূপান্তরকে বলেন, বর্তমানে পৌর শহরের পরিস্থিতি শান্ত রয়েছে। তবে গ্রামের দিকের সড়কগুলোতে যেসব ব্যারিকেড দেওয়া হয়েছিল সেগুলো সরিয়ে নেয়া হচ্ছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

শনিবার দুপুর ১টায় উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশিদ মঞ্জু নিজের ফেইসবুকে লাইভে এসে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কোম্পানীগঞ্জে পরবর্তী ৪৮ ঘণ্টা সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ডাক দেন।

তবে বাদলের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি। মিজানুর রহমান বাদল সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অনুসারী বলে পরিচিত। আর আবদুল কাদের মির্জা ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র।

শনিবার (১২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল তার ব্যক্তিগত গাড়িতে করে আওয়ামী লীগ নেতা আলালসহ ঢাকার উদ্দেশ্যে বসুরহাট হয়ে রওনা করে। পথে বিপরীত দিক থেকে কাদের মির্জা তার ৪০-৫০ অনুসারী নিয়ে বাজার পরিদর্শন করে আসার সময় বাদলের গাড়ির মুখোমুখি হয়। এ সময় কাদের মির্জার অনুসারীরা মিজানুর রহমান বাদলের গাড়ির গতি রোধ করে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত