ইতালিতে ফিরে যাওয়ার জন্য ফ্লাইট চালু, বৈধ অভিবাসীদের বসবাসের অনুমতির মেয়াদ বাড়ানো ও সহজ শর্তে রি-এন্ট্রি ভিসা দেওয়ার দাবিতে রাজধানী ঢাকায় মানববন্ধন করেছেন ছুটিতে দেশে এসে আটকেপড়া ইতালি প্রবাসী বাংলাদেশিরা। গতকাল রবিবার দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ইতালিয়ান সরকারের সঙ্গে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর মাধ্যমে কর্মস্থলে ফিরে যাওয়ার ক্ষেত্রে সব বাধা অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। মানববন্ধন শেষে পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং ইতালিয়ান রাষ্ট্রদূত বরাবর স্মারকলিপি দেওয়া হয়। বিজ্ঞপ্তি।
×
