উখিয়ায় জমির বিরোধে গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামী আহত

আপডেট : ১৪ জুন ২০২১, ০৮:৪৬ এএম

উখিয়া উপজেলার  পশ্চিম হলদিয়া পালংয়ের মোতার ফকিরের  রাস্তা এলাকায় জমির বিরোধের জেরে ধারালো দা দিয়ে রুমা আকতার নামে এক গৃহবধূকে কুপিয়ে  হত্যা করা হয়েছে।

এ সময় স্বামী মুফিজকেও কুপিয়ে মারাত্মক জখম করা হয়। রবিবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে। 

গ্রামবাসী জানান, জমি সংক্রান্ত  বিরোধের জের ধরে একই পরিবারের সদস্যদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

গৃহবধূ রমা আক্তার দুই সন্তানের জননী বলে  জানা গেছে। আহত স্বামী মফিজকে উখিয়া হাসপাতলে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। 

নিহতের পরিবারের সদস্যরা জানান, শাহাবুদ্দিন নুরুল ইসলাম ফরিদ আলম ও মোস্তাকের নেতৃত্বে ১০/১২ জন লোক ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। 

হলদিয়া পালং ইউনিয়ন এর সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল হক আমিন জানান, পারিবারিক তুচ্ছ ঘটনার জের ধরে হত্যার ঘটনাটি ঘটে। মূলত জায়গা বিরোধ নিয়ে দু পক্ষের মধ্যে সংঘটিত ঘটনায় স্বামী মুফিজকে রক্ষা করতে এসে সন্ত্রাসীদের হাতে খুন হন স্ত্রী রুমা। 

হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার শামসুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সঠিক তদন্তের মাধ্যমে এ হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা দাবি জানান তিনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত