রায়পুরায় ট্রেন-প্রাইভেটকার সংঘর্ষে আহত পুলিশের মৃত্যু

আপডেট : ১৪ জুন ২০২১, ১২:৫৫ পিএম

অবশেষে হাসপাতালে টানা সাত দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে পৃথিবী থেকে বিদায় নিলেন নরসিংদীর রায়পুরায় ট্রেন-প্রাইভেটকার সংঘর্ষে আহত উপপরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন (৪৬) ।

সোমবার ভোর সাড়ে তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

এর আগে গত ৭ জুন দিবাগত রাত ২টার দিকে রায়পুরা উপজেলার সাপমারা রেলক্রসিংয়ে ট্রেন-প্রাইভেটকার সংঘর্ষে মনোয়ারসহ আরও দুই পুলিশ সদস্য আহত হন।

নিহত মনোয়ার হোসেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুলইছ গ্রামের মৃত সোহরাব উদ্দিনের ছেলে।

মনোয়ার ১৯৯৬ সালে পুলিশের চাকরিতে যোগদান করেন। ১২ নভেম্বর ২০১৯ সালে রায়পুরা থানায় আসেন। তার এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

নিহত মনোয়ারের লাশ সোমবার সকালে তার পৈতৃক বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ জুন দিবাগত রাতে একটি প্রাইভেটকার ও একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে টহল দিচ্ছিল রায়পুরা থানা-পুলিশ। প্রাইভেটকারটি নিয়ে রাত ২টার দিকে উপজেলার সাপমারা রেলক্রসিং অতিক্রম করতে গেলে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস প্রাইভেটকারকে ধাক্কা দেয়।

এ সময় প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায় এবং গাড়িতে থাকা তিন পুলিশ সদস্য গুরুতর আহত হয়। পরে পেছনে থাকা অটোরিকশা ও এলাকাবাসীর সহায়তায় তাদের উদ্ধার করা হয়। পরে তাদেরকে ঢাকার আলাদা আলাদা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

এর মধ্যে মনোয়ারের অবস্থা শরণাপন্ন হওয়ায় তাকে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে রাখা হয়। সর্বশেষ সোমবার সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায়ই তার মৃত্যু হয়।

রায়পুরা থানার সেকেন্ড অফিসার দেব দুলাল দে বলেন, রেলক্রসিং এ অন্য সময় এই গেটে গেটম্যান থাকলেও সেদিন রাতে কাউকে দেখা যায়নি। গেট অরক্ষিত ছিল। ভোরে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর বলেন, রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) শাহীন মিয়া, মনোয়ার হোসেন ও কনস্টেবল সালাহ উদ্দিন এই তিনজন ট্রেনের ধাক্কায় আহত হয়। এর মধ্যে মনোয়ারের অবস্থা শঙ্কাপূর্ণ ছিল। সর্বশেষ সোমবার রাত তিনটার একটু পর পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত