৩০ বছরে ৯ লাখের বেশি নারীকর্মী বিদেশ গেছেন

আপডেট : ১৬ জুন ২০২১, ০২:২০ এএম

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ১৯৯১ সাল থেকে বিদেশে নারীকর্মী পাঠানো শুরু হয়। ওই সময় থেকে এ পর্যন্ত (মে/২০২১) ৯ লাখ ৫৩ হাজার ২৩৯ জন নারীকর্মী বিদেশে গেছেন। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম-৪ আসনের সাংসদ দিদারুল আলমের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

নোয়াখালী-২ আসনের সরকারদলীয় সাংসদ মোরশেদ আলমের প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণ মন্ত্রী জানান, গত ১০ (২০১১-২০) বছরে ৫৯ লাখ ৮৪ হাজার ৯৪৩ জন কর্মী বিদেশে গেছেন। যার মধ্যে ২০১০ সালে সর্বোচ্চ ১০ লাখ ৮ হাজার ৫২৫ জনের কর্মসংস্থান হয়েছে। ২০২০ সালে সর্বনিম্ন ২ লাখ ১৭ হাজার ৬৬৯ জন কর্মী বিদেশে গেছেন।

মন্ত্রী জানান, করোনার মধ্যে বৈদেশিক শ্রমবাজার সম্পর্কে মিশনসমূহ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। সৌদি আরব, ইউএই, বাহরাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ ২৫টি দেশের পরিবর্তিত কর্মসংস্থান দক্ষ কর্মী তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন করে পোল্যান্ড, ক্রোয়েশিয়া, উজবেকিস্তানে শ্রমবাজারে লোক পাঠানো শুরু হয়েছে। কম্বোডিয়া, সেসেলম ও চীনেও কর্মীরা যাচ্ছেন। এছাড়াও সম্ভাবনাময় দেশসমূহের সঙ্গে অগ্রাধিকারের ভিত্তিতে সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে।

করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর বাংলাদেশের অন্যতম শ্রমবাজার মালয়েশিয়ায় কর্মী প্রেরণ করা হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে। গত ১৬ ও ১৭ ফেব্রুয়ারি ভার্চুয়াল প্ল্যাটফর্মে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভা হয়েছে। বিদেশে গমেনচ্ছু শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির জন্য উপজেলা পর্যায়ে আরও ৭১টি টিটিসি স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত